স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ব্রিজের উপর চাঞ্চল্যকর সিএনজি ড্রাইভার সুজিত দাস হত্যা মামলার ৩ আসামিকে সিএনজিসহ হবিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আখন্দ এক প্রেস ব্রিফিং করে জানান, উপজেলার রানীগঞ্জ ব্রিজ এলাকায় গত শনিবার (১৬ নভেম্বর) রাত ৭.৪৫ মিনিটের সময় চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের জিতেন্দ্র মোহন দাসের ছেলে সিএনজি চালক সুজিত দাস (২৮) কে গলা কেটে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারী। তথ্যপ্রযুক্তি ও র্যাব-৯ এর সহযোগিতায় আজ মঙ্গলবার দুপুরে হত্যাকাণ্ডের মুলহোতাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় সিএনজি ও হত্যায় ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদর উপজেলার নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), বাহুবল উপজেলার পনারআব্দা গ্রামের আব্দুল হাই’র ছেলে মোঃ শিবলু মিয়া (২০)। গ্রেফতারকৃত আসামিদেরকে বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Leave a Reply