মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরগুলোতে অবৈধ জাল ব্যবহার করে অবাধে পোনা ও মা মাছ শিকারের ফলে মৎস্য সম্পদ মারাত্মক হুমকিতে পড়েছে।
অবাধে পোনা নিধনের কারণে হাওরের দেশীও মাছের উৎপাদন কমে অনেক প্রজাতি এখন বিলুপ্তির পথে। প্রশাসন অভিযান পরিচালনা করলেও স্থানীয় সংঘবদ্ধ চক্রের কারণে মাছ নিধন পুরোপুরি বন্ধ হচ্ছে না।
পর্যাপ্ত লোকবল ও আধুনিক জলযান না থাকায় বিশাল হাওর এলাকায় গভীর রাতসহ প্রায় সময় অভিযান পরিচালনা করা সম্ভব হয়না। সেই সুযোগ কাজে লাগিয়ে হাকালুকি হাওরসহ জেলার বিভিন্ন হাওরে অবৈধ বিভিন্ন ধরনের জাল দিয়ে পোনা ও মা মাছ শিকার চলছে। বর্তমানে বর্ষা মৌসুমে প্রতিদিন সন্ধা থেকে শুরু করে ভোররাত, এমনকি সকাল পর্যন্ত অবৈধ বেড়জাল, চায়না দুয়ারি, কারেন্ট জাল ও প্লাস্টিকের চাই দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ ধরা হচ্ছে অবাধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরে অবৈধ জাল দিয়ে মাছ শিকারীদের বিরুদ্ধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা ও আইনি ব্যবস্থা গ্রহণ করে থাকলেও প্রতিদিন অবৈধ জালে অবাধে পোনা- মা মাছ শিকারে কারনে হুমকিতে হাওরের মৎস্য সম্পদ।
হাকালুকি হাওর এলাকার জেলেদের বিকল্প জীবিকায়ন কর্মসূচির আওতায় এনে জেলেদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হলে বর্ষা মৌসুমে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের দাবী যদি মৎস বিভাগের কর্মকর্তাগন নিয়মিত অভিযান পরিচালনা করে পোনা ও মা মাছ নিধন নারীদের আইনের আওতায় নিয়ে আসেন তাহলে হাওরে পোনা ও মা মাছ নিধন বন্ধ হতে পারে।
Leave a Reply