জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জগন্নাথপুর উপজেলা সকল বাজার বিশেষ করে জগন্নাথপুর সদর বাজারে গরু, ছাগলসহ ক্রেতা ও বিক্রেতাদের উচড়ে পড়া ভিড় দেখা যাচ্ছে। এদিকে, বাজারে সরবরাহ বাড়লেও আগের বছরের চেয়ে বেশি দামে গরু কিনে কিছুটা হতাশ ক্রেতারা। ছোট ও মাঝারি গরুই বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজারে গরুর সরবরাহ বেশি ও ক্রেতার সংখ্যাও ভালো থাকায় সরগরম হয়ে উঠেছে স্থানীয় হাটগুলো।
অনেকেই পশুকে খাওয়ানো ও রাখার বিষয়টি ঝামেলা মনে করে শেষ দিকে গরু ক্রয় করবেন তাই এখন ক্রেতার সংখ্যা একটু কম।
এদিকে জগন্নাথপুর সদর বাজারে গিয়ে দেখা যায়, দেশি গরুতে বাজার সয়লাব। বিক্রেতারা বড় গরুর দাম হাঁকছেন তিন থেকে বিশ লাখ টাকা। এ ছাড়া সর্বনিম্ন ৫০থেকে ৭০ হাজার টাকায় মিলছে গরু। সময় গড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতার সংখ্যাও। বেচাকেনাও হচ্ছে বেশ। তবে ছাগল তুলনামূলক কম বিক্রি হতে দেখা গেছে।

জগন্নাথপুর সদর পশুর অস্থায়ী হাটের ইজারাদার মকবুল হোসেন ভূইয়া বলেন, আমাদের এই হাটে স্থানীয় খামারিসহ বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা কোরবানির পশু বিক্রির জন্য নিয়ে আসছেন। হাটে পর্যাপ্ত ক্রেতা-বিক্রেতা রয়েছে। বেচাকেনা ধীরে ধীরে বাড়ছে। ঈদ যত ঘনিয়ে আসছে, বেচাকেনাও তত বাড়ছে।

ঈদের আগের দুই হাট বুধবার ও রবিবার পুরোপুরি জমে উঠবে আশা করি। হাটে আসা পাইকারদের জন্য পুলিশ প্রশাসন ও ভলান্টিয়ার মাধ্যমে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তার ব্যবস্থা করা হয়েছে।
Leave a Reply