জাহাঙ্গীর আলম চৌধুরী::
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে জনতা মহাবিদ্যালয়, মঈনপুর। উপজেলা পর্যায়ে আয়োজিত মোট ৬টি প্রতিযোগিতার সবকটিতেই গৌরবোজ্জ্বল স্থান অধিকার করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে ৪টি ইভেন্টে প্রথম, ১টিতে দ্বিতীয় এবং ১টিতে তৃতীয় স্থান অর্জন করে তারা। এই অনন্য সাফল্যের পর প্রথম স্থান অর্জনকারী ৪ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ছাতক উপজেলার প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে।
গত বৃহস্পতিবার ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহি উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার ও সনদ গ্রহণকারী জনতা মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা হলেন—
• ১ম স্থান (খ গ্রুপ): নজরুল সঙ্গীতে বৃষ্টি রানী দাস (বিএসএস পাস ১ম বর্ষ), কবিতা আবৃত্তিতে উর্মি বেগম (বিএ পাস ২য় বর্ষ) এবং রচনা প্রতিযোগিতায় নাসিরাহ বেগম (অনার্স ২য় বর্ষ)।
• ১ম স্থান (ক গ্রুপ): কবিতা আবৃত্তিতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম ইকবাল।
• ২য় স্থান (ক গ্রুপ): নজরুল সঙ্গীতে দ্বাদশ শ্রেণির মুসলিমা বেগম নাইমা।
• ৩য় স্থান (ক গ্রুপ): রচনা প্রতিযোগিতায় একই শ্রেণির আফসানা মীম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তরুণ প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের এই অসাধারণ ও অলরাউন্ড সাফল্যে জনতা মহাবিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত। মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহল বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জেলা পর্যায়ও এই শিক্ষার্থীরা নিজেদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে কলেজের গৌরব অক্ষুণ্ণ রাখবে।
Leave a Reply