হাবিবুর রহমান হাবিব, শাল্লা প্রতিনিধি::
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিটি নারী পরিবারপ্রধানকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। তবে নির্ধারিত আর্থসামাজিক মানদণ্ড যাচাই করে কেবল যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি ভাতার আওতায় আসবে। ১২ অক্টোবর থেকে দেশব্যাপী বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে বিতরণ করা হবে।
Leave a Reply