শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিতর্কিত এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালার তোয়াক্কা না করে অবাধ অনিয়ম ও বিপুল পরিমাণ অর্থ বাণিজ্যের আশ্রয় নেওয়া হয়েছে। অনৈতিক উপায়ে ডিলার নিয়োগ করা হলে প্রকৃত ও যোগ্য প্রার্থীরা যেমন বঞ্চিত হবেন, তেমনি ভবিষ্যতে প্রান্তিক কৃষকরাও সারের ন্যায্য সুবিধা পাওয়া নিয়ে চরম ঝুঁকিতে পড়বেন।”
বক্তারা অবিলম্বে এই অনিয়মপূর্ণ ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নীতিমালার আলোকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর জোর দাবি জানান।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় এবং উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply