দুটি দীর্ঘ সেতু নির্মাণসহ প্রায় ২০০ কোটি টাকার সড়ক উন্নয়নকাজ; দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় হাওরবাসী
জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে ২৬০ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এসব উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুমোদিত প্রকল্পের আওতায় রয়েছে দুটি গুরুত্বপূর্ণ দীর্ঘ সেতু নির্মাণ এবং প্রায় ২০০ কোটি টাকার সড়ক উন্নয়নকাজ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডির ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের’ আওতায় সুনামগঞ্জ জেলায় মোট চারটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি সেতুই জগন্নাথপুর উপজেলায় অবস্থিত।
সেতু দুটি হলো—চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল নদীর ওপর সেতু এবং পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা নদীর ওপর সেতু।
বিশেষ করে সমধল নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি স্থানীয় হাওরপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। বর্ষা মৌসুমে নদী পারাপার, যাতায়াত ও পণ্য পরিবহনে দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সেতুটি নির্মিত হলে কয়েকটি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প অনুমোদিত হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। এ জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
তাঁদের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর বাস্তবায়নকাজ শুরু হলে জগন্নাথপুর-শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেগা প্রকল্প।
Leave a Reply