মো: নাছির আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন পাঁচ আসামি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল ওয়াহিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সাবানা বেগমকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সাবানা ওই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় তাঁর ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামি মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) দণ্ডবিধির ৩২৬ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর আসামি জয়নাল আবেদীনকে (৫৫) দণ্ডবিধির ৩২৩ ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে উল্লেখ করা হয়, এ দুই আসামি আগে হাজতে যে সময় কাটিয়েছেন, তা তাঁদের সাজা থেকে বাদ যাবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমকে খালাস দিয়েছেন আদালত।
রায়ে দণ্ডিত আসামিদের কাছ থেকে আদায় করা অর্থদণ্ডের সম্পূর্ণ অর্থ নিহত সাবানা বেগমের পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
Leave a Reply