বাহুবল প্রতিনিধি::
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই কুটিরশিল্প ও বাণিজ্যমেলা আয়োজনের প্রস্তুতি নেওয়ায় নির্মাণাধীন স্টল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পরিচালিত অভিযানে ১৩ ব্যবসায়ীকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার উদ্বোধনের জন্য আগামী ১ নভেম্বর তারিখ ঘোষণা করে মিরপুরের একটি মাঠে প্রায় এক মাস ধরে প্রস্তুতি চলছিল। সেখানে শতাধিক স্টল নির্মাণ করা হয়। বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে মেলার জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, এর আগে দুইবার ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একই সঙ্গে স্টল অপসারণের জন্য যৌক্তিক সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এরপরও স্টল ও অন্যান্য স্থাপনা অপসারণ না করায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানে ১২ জন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা এবং এক নারী ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে বাহুবল মডেল থানা-পুলিশ। অভিযানের সময় আয়োজক কমিটির কাউকে পাওয়া যায়নি বলে জানান সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ।
Leave a Reply