মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া ::
প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে নবনির্মিত দৃষ্টিনন্দন ও আধুনিক থানা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
বর্ণিল আয়োজন, বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। নতুন এই থানা ভবনকে ঘিরে জগন্নাথপুরে আইনশৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা ও জনবান্ধব পুলিশিংয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন জামী এবং পবিত্র গীতা পাঠ করেন গৌতম দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, সমাজকে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতিমুক্ত করতে হবে। মাদক ও জুয়া তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি অপরাধ দমনে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যে অপরাধ করবে, তার একটাই পরিচয়—সে অপরাধী। আইনের চোখে সবাই সমান। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, থানাকে শুধু একটি দৃষ্টিনন্দন ভবন হিসেবে দেখলে হবে না; এটি সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।
তিনি জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যেন নির্ভয়ে ও কোনো ধরনের সংকোচ ছাড়াই থানায় এসে সেবা এবং আইনি সহায়তা পেতে পারেন, সেটিই হওয়া উচিত পুলিশের মূল লক্ষ্য।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া এবং জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দীন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত আধুনিক থানা ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই দৃষ্টিনন্দন থানা ভবন শুধু অবকাঠামোগত উন্নয়নের প্রতীক হয়ে থাকবে না; বরং জগন্নাথপুরের মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, নাগরিক সেবা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply