হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর শাহজালাল (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শিবগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা সামছুল ইসলামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুবাজপুর শাহজালাল (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে মাদরাসার শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিবগঞ্জ বাজার এলাকা প্রদক্ষিন শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখা কেন্দ্র কুবাজপুর শাহজালাল (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার-এর প্রধানক্বারী মাওলানা নিজাম উদ্দিন, কুবাজপুর শাহজালাল (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাওলানা আব্দুর রব, দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখা কেন্দ্রের ক্বারী মাওলানা আব্দুল বাছিত সুমন, মাওলানা মো: সুলাইমান আহমদ, ক্বারী আবু সুফিয়ান, মাদরাসার শিক্ষার্থী বুরহান উদ্দিন, ওলীদুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী মামুন আহমদ সহ আরো অনেকে। বক্তারা হামলার সাথে জড়িত গ্রেফতারকৃত মারজান মিয়া ও আনছার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের দ্রæত গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।
প্রসঙ্গত, কুবাজপুর শাহজালাল (র:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সামছুল ইসলাম কয়েক দিন আগে মাদ্রাসায় ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়ে মাদ্রাসার প্রাক্তন ছাত্র বর্তমান দারুল ক্বেরাতের ছাত্র কুবাজপুর গ্রামের কবির মিয়ার ছেলে মারজান মিয়াকে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মারজান মিয়া, মাহিদ মিয়া, নোমান মিয়া, আনছার মিয়া সহ কয়েকজন একত্রিত হয়ে বুধবার সন্ধ্যায় শিক্ষক শামছুল ইসলামকে পিটিয়ে আহত করে। বর্তমানে শিক্ষক শামছুল ইসলাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শিক্ষকের ভাই শাহ আলম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।
Leave a Reply