জগন্নাথপুর প্রতিনিধি: :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তেরা মিয়ার বিরুদ্ধে বাগময়না গ্রামের রাস্তার কাজের অনিয়ম ও দুর্নীতির তদন্ত চলাকালে এক প্রতিবাদী যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মেম্বার তেরা মিয়ার প্রত্যক্ষ নেতৃত্বে এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়। হামলায় মিলাদুর রহমান নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫- ২৬ অর্থ বছরে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তেরা মিয়া বাগময়না গ্রামের বিভিন্ন রাস্তায় মাটি ভরাট কাজ করার জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ গ্রহন করেন। উক্ত বরাদ্দে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সমাজ সেবক জাকির হোসেন চলতি বছরের ২৮ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তার আর্দেশমূলে ১৬ আগষ্ট রবিবার উক্ত অভিযোগের তদন্ত করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরজমিনে গেলে
তদন্ত চলাকালীন সময়ে তেরা মিয়ার কাজের বিভিন্ন অনিয়ম তুলে ধরে কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মেম্বার ও তার লোকজন। একপর্যায়ে তেরা মিয়ার নেতৃত্বে তার সহযোগীরা মিলাদুর রহমানের ওপর অতর্কিত ও সহিংস হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এই হামলায় সরাসরি অংশ নেন অভিযুক্ত বর্তমান মেম্বার তেরা মিয়া, তার সহযোগী মাখন মিয়া, তেরা মিয়ার ছেলে রুবেলসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসী। হামলার সময় তারা মিলাদুর রহমানকে বেদড়ক মারধর করে গুরুতর জখম করে।
এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে এবং তার নেতৃত্বে সাধারণ মানুষের ওপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সচেতন মহল এই ঘটনায় জড়িত তেরা মিয়া মেম্বারসহ সকল হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply