বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ইউসুফ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গ্রামের একটি সড়কে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, খলিল, রাজিব, আফাজ, নাইম, লুভন, ইয়াওর ও সাতিরসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইউসুফের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়।
আহত ইউসুফের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখানকার চিকিৎসকরা তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) রেফার করেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply