জকিগঞ্জ প্রতিনিধি::
সিলেটের জকিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদ ও জকিগঞ্জ শহরের রাজমহলের মালিক শামীম আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদলের মারধরে ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের বরাতে পুলিশ ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘরের কেচি গেটের তালা কেটে ৭/৮ জনের ডাকাতদল ঘরে ঢুকে লোকজনকে বেঁধে পুরো ঘর তল্লাশি করে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, চারটি মুঠোফোন এবং সিসি ক্যামেরার মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। তবে টাকার পরিমাণ জানা যায় নি।
ইউপি চেয়ারম্যান আরও জানান, ডাকাতদলকে প্রতিহতের চেষ্টা করায় শামীম আহমদকে মারাত্মক মারধর করে রক্তাক্ত জখম করেছে ডাকাতরা। তাঁর বড় ভাই মাস্টার জামাল আহমদকেও মারধর করা হয়েছে।
খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
Leave a Reply