নিজস্ব প্রতিবেদক::
‘অপরাধের তথ্য দিন, পরিচয় গোপন রাখবে পুলিশ’— এই আহ্বান জানিয়ে সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, চুরি-ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলহাজ্ব নসিব আলী মাদ্রাসায় আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রাতের বেলা এলাকায় অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা নজরে এলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে হবে। অপরাধীদের বিষয়ে নির্ভয়ে তথ্য দিলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
মাদকাসক্তি প্রতিরোধ প্রসঙ্গে ওসি বলেন, মাদকাসক্তির কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। প্রথমে সামাজিকভাবে সংশোধনের চেষ্টা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে কাজ না হলে পুলিশকে তথ্য দিতে হবে। অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হালঘাট গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক এবং স্বাগত বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও বিট কর্মকর্তা এসআই সেকান্দর আলী, এসআই মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান, সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব আছাব আলী, ইব্রাহিম আলী ও শিক্ষক তারেক আহমদ।
এ সময় মাজবন্দ গ্রামের আব্দুর রহমান, মজলী গ্রামের আবিদুর রহমান, এলংজুরী গ্রামের আখলিছুর রহমান, সকড়া গ্রামের বোরহান উদ্দিনসহ এলাকার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন।
Leave a Reply