রিয়াজ রহমান জগন্নাথপুর ::
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রাম থেকে ২টি মিশুক গাড়ি চুরি হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীরামসী গ্রামের মৃত তালিব আলীর ছেলে তৈয়ব আলীর উপার্জনের একমাত্র সম্বল গাড়ি ২টি চুরি হওয়ায় পর পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ব্যাপারে তৈয়ব আলী জগন্নাথপুর থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের করেছেন।
জানাযায়, গত ২০ জানুয়ারী তৈয়ব আলীর ছেলে শামীম আলী বৃষ্টির কারনে তার চালিত মিশুক গাড়িটি শ্রীরামসী রাস্তারমূখ স্ট্যান্ডে রেখে অফিসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল।
প্রায় আধ ঘন্টা পর স্ট্যান্ডে এসে দেখেন অন্যান্য গাড়িগুলো থাকলে তার মিশুক গাড়িটি চুরি হয়ে যায়। পরে ব্যাপক খুজাখুজির পরও গাড়িটি না পেয়ে তার পিতা তৈয়ব আলী জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। তৈয়ব আলীর আরেকটি মিশুক গাড়ি গত ১০ মার্চ রাতে প্রতিদিনের ন্যায় শ্রীরামসী বাজারস্থ মুক্তিযোদ্ধা মার্কেটের ইলিয়াছ আলীর গ্যারেজে রেখে বাড়িতে চলে যান। পরদিন সকালে গ্যারেজে এসে দেখেন গ্যারেজের তালা ভাঙ্গা ও গাড়িটি নেই। মিশুক গাড়িটি চুরির বিষয়ে থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। গাড়ির মালিক তৈয়ব আলী জানান: আমি একজন অসহায় দরিদ্র লোক। আমার বাড়ি ঘর না থাকায় শ্রীরামসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আলম বাদশা মিয়ার বাড়িতে পরিবার পরিজন নিয়ে মিশুক গাড়ি চালিয়ে জীবন যাপন করে আসছি। কিস্তিতে ক্রয়কৃত গাড়ির কিস্তির ৮০হাজার টাকা এখনো পরিশোধ করতে পারিনি।
চুরি বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন জানান, এ পর্যন্ত আমার জানামতে এলাকায় ৫/৭টি মিশুক ও টমটম গাড়ি চুরি হয়েছে। আমরা জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা গাড়ি উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছি।
মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন জানান, চুরি হওয়া মিশুক গাড়ির মালিক তৈয়ব আলী আমাকে চুরির বিষয়ে অবগত করেছেন। এ পর্যন্ত চুরি যাওয়া ৪টি গাড়ির মধ্যে ২টি টমটম গাড়ি আমার প্রচেষ্টায় উদ্ধার হলেও তৈয়ব আলীর চুরি যাওয়া গাড়ি ২টি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
মিরপুর ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বে থাকা জগন্নাথপুর থানার এস আই অনিক দেব মিশুক গাড়ি চুরির বিষয়ে থানায় অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply