মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী পাকা রাস্তাটি কলকলিয়া ইউনিয়নের কমারখাল গ্রামের কাছে ভেঙে যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। কয়েক মাস ধরে এ অবস্থায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
স্থানীয় সূত্রে জানাযায়, বিগত বন্যার পানির তোড়ে কামারখাল গ্রামের কাছে রাস্তাটি ভেঙে যানচলাচলে অনুপযোগী হয়ে গেছে। এতে অনেক দিন ধরে ওই রাস্তা দিয়ে তিন উপজেলা দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার এলাকাবাসী ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এর মধ্যে গত সোমবার কামারখাল স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা নিতে যাওয়া দুএকজন মহিলা ব্যাটারিচালিত অটোরিক্সা উল্টে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া এলাকার অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই রাস্তা ভেঙে যাওয়ায় তাঁদের উৎপাদিত শস্য বাজারে নিতে সমস্যায় পড়তে হচ্ছে।
সরেজমিনে ১৮ ই জুলাই মঙ্গলবার সকালে দেখা যায়, রাস্তাটি দিয়ে যাওয়ার সময় ভাঙন কবলিত অংশে সিএনজি, লেগুনা ও রিকশা থেকে নেমে হেঁটে পার হচ্ছে যাত্রীরা। চালককে অন্যদের সাহায্যে সিএনজি লেগুনা বা অটোরিকশাটি ধরাধরি করে টেনেহিঁচড়ে পার করতে হচ্ছে। ওই রাস্তায় পন্যবাহী ট্রাক বা ভারী কোনো যানবাহন চলতে পারছে না।
জগদীশপুর গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশার মালিক হাসান আলম বলেন, ‘গেল বন্যায় স্রোতের পানিতে ও এবারে ভারী বৃষ্টি পাতে রাস্তাটি ভাঙি গেছে। গাড়িঘোড়া লইয়া পারাপার হইতে পারছিনা। আমরা জমির ফসলগুলা হাটবাজারে নিতে পারছিনা। কেউ আমরার খোঁজখবর পর্যন্ত নিচ্ছে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, সড়কটির সংস্কার কাজ প্রক্রিয়াধীন আছে প্রাক্কলন অনুযায়ী টেন্ডারের মাধ্যমে কাজ হবে।
Leave a Reply