মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সানলাইট আবাসিক হোটেলের বিরুদ্ধে নলজুর নদী দখল করে অবৈধভাবে তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উপজেলা ভূমি অফিসের এক তদন্ত প্রতিবেদনের উঠে এসেছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিলকৃত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ১৭২ নম্বর জে.এল. ইকড়ছই মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩২৩ নম্বর দাগের নলজুর নদী শ্রেণির জমিতে পৌর শহরের হবিবপুর গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী ছোট মিয়া,কর্তৃক অবৈধভাবে তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করেন, ১০ মে ২০২৬ তারিখে সহকারী কমিশনার ভূমির আদেশের পর সরেজমিনে তদন্ত ও পরিমাপ পরিচালনা করা হয়। তদন্তে দেখা যায়, নির্মিত ভবনটির একটি অংশ সরকারি খাস খতিয়ানভুক্ত নদী শ্রেণির জমির ওপর অবস্থিত। এছাড়া ভবনটির সঙ্গে জগন্নাথপুর আর্চ ব্রিজের পশ্চিম পাশে ব্রিজের অ্যাপ্রোচ সড়কের প্রায় ৮ ফুট × ১৫ ফুট অংশ সংযুক্ত করা হয়েছে, যা যান-বাহন চলাচল এবং বিদ্যুৎ লাইনের জন্য ঝুঁকিপূর্ণ।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৬০ ফুট দৈর্ঘ্যের তিনতলা ভবনটি ‘সানলাইট হোটেল’ নামে পরিচিত এবং ভবনের অবস্থানস্থলে সরেজমিনে স্ক্যাচ ম্যাপও সংযুক্ত করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অজয় কুমার দাস স্বাক্ষরিত এ প্রতিবেদন সহকারী কমিশনার (ভূমি)-এর নিকট দাখিল করা হয়েছে। প্রতিবেদনে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন জানান, সরজমিন পরিমাপ এর প্রতিবেদন পরবর্তী পদক্ষেপের জন্য চলতি বছরের ২১শে মে জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরন করা হয়েছে।#
Leave a Reply