দেশ বাংলা ডেস্ক::
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য হাজি ইলিয়াস মিয়াকে সভাপতি ও মোঃ নূর মিয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
গত ২৪ তারিখ মঙ্গলবার ম্যানচেস্টারের হাইড এলাকার শাফরন রেস্টুরেন্টে সংগঠনের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা আখলিছ খানের সভাপতিত্বে এবং উপদেষ্টা আখলাকুল আম্বিয়া ফটিক মিয়ার পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আং মমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ নূর মিয়া।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ মুরব্বি চন্দু মিয়া, উপদেষ্টা মোঃ সাদিকুর রহমান ইয়াওর মিয়া, দুধু মিয়া, সিরাজ মিয়া, মাহতাব উদ্দিন, সুজাতুল ইসলাম সুজাত, জাহেদ বিন সুলতান রুমি, আবিদুল ইসলাম আরজু, মোঃ জয়নুল হক, আতাউর রহমান, আকরামুল ইসলাম কয়েস, মামুনুর রশীদ ও ইকবাল আহমেদসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি দুধু মিয়া, আতাউর রহমান, ময়না মিয়া, আলাউদ্দিন, রফু মিয়া (ভুট্টো), ছামির আলীসহ যুক্তরাজ্যে বসবাসরত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সম্পাদক জাহেদ বিন সুলতান রুমি ও মোঃ জয়নুল হক, কোষাধ্যক্ষ আকরামুল ইসলাম কয়েস, সাংগঠনিক সম্পাদক সুজাতুল ইসলাম সুজাত, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ আতাউর রহমান।
সভায় সংগঠনের সদস্য ফি ৩০ পাউন্ড নির্ধারণ করা হয়। পাশাপাশি সংগঠনের লোগো চূড়ান্ত ও সংবিধান অনুমোদন করা হয়। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।
বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও জন্মভূমির প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা সবার দায়িত্ব। একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত সংগঠনের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা সম্ভব।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর মিয়া বলেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে সর্বাত্মক সহযোগিতা প্রদান করাই হবে সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে যেকোনো দুর্যোগ, সংকট কিংবা অসহায়ত্বের মুহূর্তে এলাকার মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে।
তিনি যুক্তরাজ্যে বসবাসরত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply